সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরিফউদ্দিনের সভাপতিত্বে ও কবি মামুন সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম।
এ ছাড়াও বিভিন্ন সমবায় সমিতির ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য দেন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, আসামপাড়া আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল জলিল, ৫নং ফতেহপুর ইউনিয়ন মৎসজীবী সমবায় সমিতির সভাপতি লেবু সরকারসহ অন্যান্যরা।
জৈন্তা বার্তা/আরআর




