ছবি:সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে কুমিল্লার বুড়িচং থানার ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম হোসেন (২৮) গ্রেফতার হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সিলেটের জৈন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন মৃত দৌলত মেম্বার ওরফে দুলু মেম্বারের ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার গোপালনগর গ্রামে। তিনি ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় আরও দুটি মামলা রয়েছে।
র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র্যাব বিভিন্ন ভয়াবহ অপরাধ যেমন হত্যা, সন্ত্রাস, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Jainta Barta/Wadud




