ছবি:সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আয়োজন করতে যাচ্ছে ‘১৯তম কেমুসাস বইমেলা ২০২৫’। আগামী ৮ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে কেমুসাস প্রাঙ্গণে।
এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেমুসাস বইমেলা উপকমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেমুসাস সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, উপকমিটির সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সালেহ আহমদ খসরু, ইশরাক জাহান জেলী ও মফিক মোহাম্মদ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কেমুসাসের সহসভাপতি রুহুল ফারুক, বইমেলা উপকমিটির সাবেক সদস্য সচিব মুহিত চৌধুরী ও ড. তুতিউর রহমান।
সভায় জানানো হয়, এবারের বইমেলা কেমুসাসের সাবেক সভাপতি ও কবি রাগিব হোসেন চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে।
Jainta Barta/Wadud




