হার্ড*লাইনে সিলেট মেট্রোপলিটন পুলিশ: এক মাসে ১৪৫৮ যানবাহন আট*ক, জরি*মানা প্রায় অর্ধকোটি টাকা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ AM

ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান “কেউ পরিস্থিতি ঘোলাটে করলে ছাড় নয়’-পুলিশ কমিশনার

হার্ড*লাইনে সিলেট মেট্রোপলিটন পুলিশ: এক মাসে ১৪৫৮ যানবাহন আট*ক, জরি*মানা প্রায় অর্ধকোটি টাকা

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০১:৪৩:৫৮ AM

হার্ড*লাইনে সিলেট মেট্রোপলিটন পুলিশ: এক মাসে ১৪৫৮ যানবাহন আট*ক, জরি*মানা প্রায় অর্ধকোটি টাকা

ছবি: জৈন্তা বার্তা


সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে শুধুমাত্র অক্টোবর মাসেই ১ হাজার ৪৫৮টি যানবাহন আটক করা হয়েছে। এ সময় ১ হাজার ২৭টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা করা হয় ৪৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা, যার মধ্যে আদায় হয়েছে ৩৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা।

এসএমপি’র গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, আটক হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ৬৫৩টি, প্যাডেলচালিত রিকশা ১৬৯টি, মোটরসাইকেল ৪৪২টি, সিএনজিচালিত অটোরিকশা ১২৮টি, লেগুনা ১২টি, প্রাইভেটকার ১৪টি, টেম্পু ৭টি, পিকআপ ২১টি, ট্রাক ৬টি, বাস ও মাইক্রো একটি করে এবং দুটি ভ্যান।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিনের জন্য পুলিশের অভিযান স্থগিত থাকায় নগরীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বৃদ্ধি পায়। আগে মহল্লার ভেতরে সীমাবদ্ধ থাকা এসব রিকশা মূল সড়কে উঠে এলে যানজট বাড়তে থাকে। নাগরিকদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শেষ দিকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে এসএমপি। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়।

এদিকে গত মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচলের দাবিতে ১১ দফা আদায়ে নগরীর চৌহট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ করেন চালকরা। তবে প্রশাসন জানিয়ে দিয়েছে-এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন,‘নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।’

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,‘অভিযান চলমান রয়েছে। সিলেট থেকে অবৈধ যানবাহন পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’


Jainta Barta/Wadud