নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচির প্রস্তুতির অভিযোগ পুলিশের, ‘পাঠচক্র চলাকালে অফিস ঘেরাও করে আটক’বাসদ নেতাদের দাবি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৬ AM

আম্বরখানায় বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২২ নেতাকর্মী আটক

নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচির প্রস্তুতির অভিযোগ পুলিশের, ‘পাঠচক্র চলাকালে অফিস ঘেরাও করে আটক’বাসদ নেতাদের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০২:৫২:১৭ AM

নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচির প্রস্তুতির অভিযোগ পুলিশের, ‘পাঠচক্র চলাকালে অফিস ঘেরাও করে আটক’বাসদ নেতাদের দাবি

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর আম্বরখানায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে কোতোয়ালী থানা পুলিশের একটি দল বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এমন সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,‘নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ছিল। জড়িত সন্দেহে ২২ জনকে আটক করা হয় এবং যাচাই-বাছাই শেষে ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

‘অন্যদিকে বাসদ নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দলের জেলা সভাপতি আবু জাফর বলেন,‘শনিবার আমাদের পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচি ছিল। তবে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আমরা সেটি স্থগিত করি। এরপর কার্যালয়ে নিয়মিত পাঠচক্র চলাকালে হঠাৎ পুলিশ অফিস ঘেরাও করে ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে যায়।’

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন,‘ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় শনিবারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।’

বাসদ ও সিপিবির নিন্দা বিবৃতি

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এবং সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যৌথ বিবৃতিতে দলীয় কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বিবৃতিতে বলা হয়,‘দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পরও এখনো সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা হুমকির মুখে। ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন। বাসদ কার্যালয়ে পাঠচক্র চলাকালে বিনা উসকানিতে পুলিশ অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করে।’

একই সঙ্গে বাসদ নেতারা অভিযোগ করেন, সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে শুক্রবার রাতে তার নিজ বাসা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রিকশা গ্যারেজ থেকে আরও ১৫ জন শ্রমিককে আটক করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সকল আটক ব্যক্তির নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং পুলিশি অভিযানের তীব্র প্রতিবাদ জানান।

Jainta Barta/Wadud