ছবি:সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।’
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
রবিবার (২ নভেম্বর) সকালে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
সভায় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, বহুতল ভবন নির্মাণ ও স্মার্টবোর্ড স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী সাকিব আল হাসান এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী হরি প্রিয়া দেবী পূজা।
মতবিনিময় সভায় কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান খান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




