ডিসির আশ্বাসে কোর্ট পয়েন্ট থেকে সরে গেলেন আন্দো*লনকারীরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪১ AM

সিলেটের উন্নয়ন বৈষ*ম্যের প্রতিবাদে পাঁচ ঘণ্টা অব*রোধের পর স্থগিত কর্মসূচি

ডিসির আশ্বাসে কোর্ট পয়েন্ট থেকে সরে গেলেন আন্দো*লনকারীরা

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৮:২৯:৫২ PM

ডিসির আশ্বাসে কোর্ট পয়েন্ট থেকে সরে গেলেন আন্দো*লনকারীরা

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

রোববার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি শুরু করেন সিলেটের সাধারণ নাগরিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচির নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের দাবিগুলো যৌক্তিক, আমিও এতে একমত। সিলেটের উন্নয়ন নিয়ে আমরা ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। সিলেট-ঢাকা সড়কের সংস্কার কাজ এবং আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক উন্নয়ন শিগগিরই শুরু হবে। বৃষ্টিপাত কমে গেলেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে।’

রেল যোগাযোগ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে ইঞ্জিন সংকট থাকায় নতুন ট্রেন চালু করা সম্ভব নয়। তবে সিলেটের জন্য নতুন আটটি কোচ বরাদ্দ দেওয়া হয়েছে। অতিরিক্ত কোচ যুক্ত করা যাবে না, কারণ সিলেটের পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ট্রেনের ভারসাম্য রক্ষা কঠিন হবে। রেললাইন সংস্কারের কাজ শুরু করতে অন্তত এক বছর সময় লাগবে।’

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি চলে। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। দুপুর দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভেতরে আটকা পড়েন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা।

অবস্থান কর্মসূচিতে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপিকে অফিসেই ঘুমাতে হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে বসবাস, নিরাপদ যাতায়াত, গ্যাস, বিদ্যুৎ ও পানির ন্যায্য হিস্যা আদায় আমাদের অধিকার।’

তিনি আরও বলেন, ‘আমরা রোহিঙ্গা নই, সিলেট রোহিঙ্গা ক্যাম্পও নয়। দেশের অন্যান্য জেলায় উন্নয়ন হলেও সিলেট বারবার উপেক্ষিত। এটি সিলেটবিদ্বেষ ছাড়া কিছু নয়। আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিলেটের দাবি এখন আর স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী সিলেটিরাও এই আন্দোলনে যুক্ত হবেন। সিলেটের অধিকার আদায়ের সংগ্রাম হবে একটি আন্তর্জাতিক আন্দোলন।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ