ছবি: জৈন্তা বার্তা
সিলেট-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, ‘বিএনপি উন্নয়নে বিশ্বাসী একটি দল। দলটি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আসন্ন নির্বাচনে যদি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ উন্নয়ন হবে।’
রবিবার সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আমির আলীর বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদী লুনা আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি জনগণের কল্যাণে কাজ করে এসেছে। সিলেট-২ আসনে আমার স্বামী, নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলী ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছিলেন। আমরা জনগণের পাশে আছি এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। গত ১৭ বছর আমরা এই অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে বিএনপি জনগণের পাশে থেকেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি অঞ্চলে ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা হবে।’
ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুর রউফ আব্দুল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমির আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সহ-সভাপতি মকবুল আহমদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাজী গনি মিয়া, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, মাহবুব আহমদ ও তোফায়েল আহমদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান তুষারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




