ছবি:সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আগেই চারজন নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদত্যাগ করা চার শিক্ষক হলেন,গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
এ বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি কেউ পদত্যাগ করে থাকেন, সেটিও প্রশাসনের কাছেই জমা দেবেন। এখনো প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। বিষয়টি সত্য হলে প্রশাসন নিশ্চয়ই সমাধান করবে।’
উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির ১৩ সদস্যের নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেন। গঠনের মাত্র পাঁচ দিন পরই কমিশনের চার সদস্য দায়িত্ব থেকে পদত্যাগ করলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




