ছবি:সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় রবিবার সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় তৈরি বাঁধের বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে। স্থানীয়রা তীব্র প্রতিবাদ এবং ঘটনাটির ভিডিও ধারণ করলে বিএসএফ সদস্যরা শেষে ফিরে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, চার বিএসএফ সদস্য নদীর তীরে দাঁড়িয়ে খুঁটি ভেঙে দিচ্ছেন। কিছু স্থানীয় ব্যক্তি ভিডিও ধারণ ও প্রতিবাদ জানিয়ে প্রশ্ন করেন-‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন এখানে প্রবেশ করলেন?’
মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস শহীদ জানিয়েছেন, ঘটনাস্থল সুরমা নদীর তীরে, একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা স্পিডবোটে ভারতের দিকে ফিরে যায়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বিজিবি এই ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে এবং ভবিষ্যতে এমন অনুপ্রবেশ এড়ানোর নির্দেশনা দিয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




