ছবি:সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ইমরান আহমদ (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (২ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ইমরান আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের খছরু রহমানের ছেলে। সে জকিগঞ্জ থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৬ জুলাই ২০২৫ সালে জকিগঞ্জ থানার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বন্ধুর সঙ্গে স্থানীয় একটি পরিত্যক্ত ইটভাটার পাশে ঘুরতে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনাটি জানায় এবং ৫ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে পলাতক আসামি ইমরান আহমদকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, একই মামলার ৩ নম্বর আসামি শাকের আহমদকে এর আগে গত ২০ আগস্ট র্যাব-৯ গ্রেপ্তার করেছিল।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইমরান আহমদকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




