জকিগঞ্জ সীমান্তে বিএসএফ’র অনু*প্রবেশ:পতাকা বৈঠকে দুঃ*খ প্রকাশ ভারতের
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ AM

জকিগঞ্জ সীমান্তে বিএসএফ’র অনু*প্রবেশ:পতাকা বৈঠকে দুঃ*খ প্রকাশ ভারতের

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১২:৪৯:০৫ AM

জকিগঞ্জ সীমান্তে বিএসএফ’র অনু*প্রবেশ:পতাকা বৈঠকে দুঃ*খ প্রকাশ ভারতের

ছবি:সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকের ফসল নষ্টের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় ঘটনাস্থলেই এই বৈঠক হয়। বৈঠকে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।


বিজিবি জানায়, রবিবার সকালে ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পিন্নানগর ক্যাম্পের একটি টহলদল সীমান্ত পিলার ১৩৪৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুরমা নদী পেরিয়ে প্রবেশ করে। স্থানীয় জনগণের বাধার মুখে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়। অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা কৃষকের ফসলের বেড়া ও ফসল নষ্ট করে।


ঘটনার পর বিজিবির টহলদল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে সোমবার সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত বিজিবি ও বিএসএফ’র মধ্যে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বিজিবি পক্ষ থেকে বিএসএফের অবৈধ অনুপ্রবেশ ও ফসল ক্ষতির ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট অনুপ্রবেশ ও ফসল ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করেন।


জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবিষ্যতে বিএসএফ সদস্যদের অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ