ছবি:সংগৃহীত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ হাইকোর্ট প্রত্যাহার করলেও, ছয় দিন পেরিয়ে গেলেও এখনো রায়ের অফিসিয়াল কপি আসেনি। এ কারণে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বারের প্রশাসক সাঈদা পারভীন। তিনি বলেন,
‘আমাদের কাছে এখনো হাইকোর্টের কোনো অফিসিয়াল নথি বা চিঠি আসেনি। মেসেঞ্জারে একটি অনানুষ্ঠানিক কপি পেয়েছি, কিন্তু সেটির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অফিসিয়াল কপি পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
এদিকে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পরও নতুন করে ভোটগ্রহণের তারিখ না আসায় হতাশা প্রকাশ করেছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরামের প্রার্থীরা।
গত রোববার নির্বাচনের দাবিতে চেম্বার ভবনের সামনে মানববন্ধন করে ব্যবসায়ী ফোরামের প্রার্থীরা। একই দাবিতে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা।
মানববন্ধনে ব্যবসায়ী ফোরামের অ্যাসোসিয়েট শ্রেণির পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রায়হান বলেন,
‘ব্যবসায়ীরা দোকান-প্রতিষ্ঠান ছেড়ে মানববন্ধনে যোগ দিয়েছেন, কারণ সবাই চান দ্রæত চেম্বারের নির্বাচন সম্পন্ন হোক। দীর্ঘসূত্রতায় ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে, স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
ফোরামের সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী বলেন,‘ আমরা চাই দ্রুত নির্বাচন সম্পন্ন হোক। এটি ব্যবসায়ীদের সংগঠন-সুষ্ঠু ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে ব্যবসায়িক পরিবেশে স্থিতি ফিরবে।-
অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন অলি আহমদ বলেন,
‘সিলেট বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ হাব। নির্বাচন বিলম্বিত হওয়ায় ব্যবসায়ীরা অনিশ্চয়তায় আছেন। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রæত নির্বাচনের ব্যবস্থা করা হোক।’
উল্লেখ্য, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল গত ১ নভেম্বর। কিন্তু তার আগেই ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে উভয় প্যানেল-সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম-হাইকোর্টে রিট করলে আদালত ২৯ অক্টোবর স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




