ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘দেশের এই সংকটকালে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোকামবাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, হারিয়েছেন তাঁর ছোট সন্তানকে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ-এই নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপিকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে ব্যর্থ করার জন্যও চক্রান্ত অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ১৭ বছরের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এমরান আহমদ চৌধুরী বলেন, ‘মনোনয়নকে কেন্দ্র করে কেউ আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করবেন না, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করবেন না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। ধানের শীষ আমাদের একার নয়- এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের প্রতীক, এবং কোটি জনতার আত্মত্যাগের প্রতিচ্ছবি। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, জুয়েল আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




