ছবি:সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও প্রজ্ঞার বিকাশ ঘটিয়ে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো আচরণ, অন্যের প্রতি সহমর্মিতা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ ধারণ করাও জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি বেশি বেশি বই পড়তে হবে এবং জ্ঞানপিপাসু হতে হবে।’
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
অনুষ্ঠানে ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুল আহাদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিহাব সারার অভী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মোহিত ও আব্দুল হক জগলু, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডা. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সুরমান আলী প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সুরমা টাওয়ারের ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক এবং লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজসেবী জাহেদ আহমদ ও আমীর আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন খায়রুল ইসলাম হামিম, এবং স্বাগত বক্তব্য রাখেন লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের ১১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ করা হয়। এছাড়া, অনুষ্ঠানে লুয়েট বার্তার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের ধারাবাহিক সামাজিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




