ছবি:সংগৃহীত
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। নভেম্বর মাসের প্রথম চার দিনেই নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জনে। এর মধ্যে কেবল নভেম্বর মাসেই ২৪ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, যার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।
এ পর্যন্ত আক্রান্তদের জেলা ভিত্তিক পরিসংখ্যান:
সিলেট: ৬০ জন, সুনামগঞ্জ: ৪৯ জন, মৌলভীবাজার: ৪২ জন, হবিগঞ্জ: ১৮৮ জন
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে; গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে ওই রোগীর মৃত্যু ঘটে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।
অন্যদিকে, করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে বিভাগে মোট ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয় ২৩ জুলাই।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




