জৈন্তাপুরে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৯ AM

জৈন্তাপুরে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০২:৩৬:৩০ AM

জৈন্তাপুরে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১০টায় ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সিলেটের সহকারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট আরবান কর্মসূচির সংগঠক আরিফ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

বিশেষ অতিথি ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দরবস্ত ইউপির সদস্য আব্দুর রকিব।

সভায় স্বাগত বক্তব্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, কোভিড-১৯ মহামারির কারণে ১৮ মাস স্কুল বন্ধ থাকায় অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে পড়ে। এ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ‘এক্সেলারেটেড মডেল শিক্ষা’ চালু করা হয়।

এই মডেলে ১০ মাসের পাঠ্যসূচিতে ৪ মাসের ‘ক্যাচ-আপ কম্পোনেন্ট’ এবং ৬ মাসের শ্রেণিভিত্তিক শিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ করে তাদের পুনরায় আনুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনতে সহায়তা করছে।

বর্তমানে প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে। এখন পর্যন্ত ১,৯৫০টি ব্র্যাক স্কুল থেকে ৪৮,৭৫০ জন শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০,০০০ শিক্ষার্থী ১,২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের শেষে ১,৪৭,৫০০ জন শিক্ষার্থী ৫,৯০০টি এককক্ষবিশিষ্ট স্কুলের মাধ্যমে ১০ মাসের এক্সেলারেটেড মডেল শিক্ষা গ্রহণ করবে।

জৈন্তাপুর উপজেলায় বর্তমানে ৩৪টি স্কুলে ৮৫০ জন শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় পড়াশোনা করছে। এর মধ্যে খান চা-বাগান ২টি, হাবিবনগর চা-বাগান ২টি ও লালাখাল চা-বাগানে ২টি স্কুল উল্লেখযোগ্য।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ