ছবি:সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশ নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এসএমপি’র সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,
‘সিলেটের প্রার্থীরা যদি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবো।’
তিনি আরও বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য মাঠ পর্যায়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’
সভায় উপস্থিত প্রার্থীরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে হয়-এই বিষয়ে আমরা সবাই একমত।’
সভায় এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা-এসব বিষয় গুরুত্ব পায়।
সভা শেষে কমিশনার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, নির্বাচনকালে কোনো প্রার্থী, দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এসএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ যেন নিরাপদে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন-এটাই আমাদের প্রধান লক্ষ্য।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




