ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাকসু নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের উদ্যোগে নতুন একটি জোট গঠিত হয়েছে। জোটটির নাম ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’। নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জোটের আট সদস্য। তাঁরা জানান, স্বাধীনভাবে প্রার্থী হলেও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যেই এই ঐক্য।
ফয়সাল হোসেন বলেন, ‘রাজনৈতিক প্যানেলের বাইরে থাকা শিক্ষার্থীরা অনেক সময় সক্রিয় থাকলেও তাদের কোনো সংগঠিত শক্তি থাকে না। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্বতন্ত্র কণ্ঠগুলোকে এক প্ল্যাটফর্মে আনাই আমাদের উদ্দেশ্য।’
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন ও প্রভাবশালী ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ায় দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও বৈষম্য চলমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে ছাত্ররাজনীতির পরিবেশ ছিল দমন-পীড়ন ও অনৈতিকতার আধিপত্যে ভরা। পরিবর্তনের পরও প্রশাসনের মনোভাব খুব একটা বদলায়নি।’ তিনি আরও জানান, স্বতন্ত্ররা শাকসু নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, তবে প্রত্যেক সদস্য নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে নিজেই দায় বহন করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পরিবহন সম্পাদক রিয়াজ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈকত হোসেন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য রবিউল হোসেন ও মুছা চৌধুরী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




