ছবি:নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাভিত্তিক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সেইলর সাস্ট হাফ ম্যারাথন–২০২৫’। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে তেমুখী, মইয়ারচর, শিববাজার ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে শেষ হয়।দেশের বিভিন্ন স্থান থেকে এক হাজার প্রতিযোগী তিনটি ক্যাটাগরিতে অংশ নেন। ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে ৩০০ রানার, ৭.৫ কিলোমিটারে ৬৫০ জন এবং শিশুদের জন্য ১.৫ কিলোমিটার ক্যাটাগরিতে ৫০ জন দৌড়ান। প্রতিটি ক্যাটাগরিতে নারী ও পুরুষের আলাদা বিভাগ ছিল।
২১.১ কিলোমিটার সাস্টিয়ান ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হন সৈকত হাসান। রানার্স আপ শাহরিয়ার সুলতান হামিম এবং সেকেন্ড রানার্স আপ শফিকুল ইসলাম। একই ক্যাটাগরিতে নারীদের মধ্যে প্রথম হন রায়হান ফেরদৌস। রানার্স আপ উম্মে ফারহানা মরিয়ম এবং সেকেন্ড রানার্স আপ উম্মে জুয়ারিয়া আবেদিন।
৭.৫ কিলোমিটার সাস্টিয়ান ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন সৌরভ সরকার। রানার্স আপ মো. ইমরান হোসেন, সেকেন্ড রানার্স আপ আলমগীর হোসেন। নারীদের বিভাগে প্রথম হন প্রিয়া মনি, রানার্স আপ কপতি বসাক এবং সেকেন্ড রানার্স আপ প্রিমা রানি দেব।
২১.১ কিলোমিটার সাধারণ ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন আশরাফুল আলম। রানার্স আপ দ্য ঈগল এবং সেকেন্ড রানার্স আপ মুহিবুর রহমান রাহি। একই দূরত্বে সাধারণ নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হন তাবাসসুম ফেরদৌস, রানার্স আপ মবি সূত্রধর এবং সেকেন্ড রানার্স আপ তাসনিয়া তিথি।
৭.৫ কিলোমিটার সাধারণ ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে প্রথম হন দীপ তালুকদার। রানার্স আপ শ্রী হৃদয় পাত্র এবং সেকেন্ড রানার্স আপ জাহিদ হাসান শুভ। একই দূরত্বে নারীদের মধ্যে চ্যাম্পিয়ন মাহবুবা আহমেদ মারিয়া, রানার্স আপ তাসনিয়া এবং সেকেন্ড রানার্স আপ সানজানা তাবাসসুম।
শিশুদের ১.৫ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে নারী ও পুরুষ উভয় বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট, নগদ অর্থ ও চ্যাম্পিয়নদের সিলেট–ঢাকা এয়ার রিটার্ন টিকিট দেওয়া হয়। তৃতীয় রানার্স আপ ও চতুর্থ রানার্স আপও ক্রেস্ট পান।ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এখানে তিনজন লাকি উইনারের মধ্যে প্রথমজন পান ঢাকা–ব্যাংকক রিটার্ন টিকিট, দ্বিতীয়জন ঢাকা–সিলেট কাপল রিটার্ন টিকিট এবং তৃতীয়জন ঢাকা–সিলেট সিঙ্গেল রিটার্ন টিকিট।
ম্যারাথন আয়োজন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, “খুবই উৎসবমুখর পরিবেশে ম্যারাথন সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীরা আয়োজনের প্রশংসা করেছেন। ভবিষ্যতে শাবিপ্রবি সারা দেশের রানারদের আরও ভালো কিছু উপহার দিতে চায়।”সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি তারেকুল ইসলাম বলেন, “এটা আমাদের সিগনেচার ইভেন্ট। প্রতিবছর একটি মেগা আয়োজন করার চেষ্টা করি। এবার আমরা অসাধারণ সাড়া পেয়েছি; সবাই সন্তুষ্ট ছিলেন।”
ম্যারাথনে অংশ নেওয়া অন্তত ২০ জন প্রতিযোগী জানান, দৌড়টি ছিল অত্যন্ত উপভোগ্য। প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত হাইড্রেশনের ব্যবস্থা ছিল এবং কিটে দেওয়া পানির বোতল (ওয়াটার পট) রানারদের বিশেষভাবে আকর্ষণ করেছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন এবং সাস্ট ফিটনেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক।
জৈন্তাবার্তা / সুলতানা




