বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের প*শ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেওয়া হবে : খন্দকার মুক্তাদির
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৩ PM

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের প*শ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেওয়া হবে : খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৭:৩৬:১৫ PM

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের প*শ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেওয়া হবে : খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুসহ স্বাস্থ্য খাতের প্রায় সব সূচকে সিলেট এখনো পিছিয়ে রয়েছে। স্বাস্থ্যখাতে অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও সেবার মান এখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিলেট সদর ও মহানগরের মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখার সুযোগ পেলে তিনি স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রসূতি মা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড চালু করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানো এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

শনিবার সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। তরুণদের কর্মসংস্থানে যুক্ত না করতে পারলে দেশে টেকসই বিনিয়োগ আসবে না। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের সময় যেসব দেশ স্বাধীন হয়েছিল-দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশ এখনও পিছিয়ে থাকা দেশগুলোর কাতারে রয়েছে।

খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হলো উচ্চ জনঘনত্ব, ফলে ভুল করার সুযোগ খুবই সীমিত। ভুল সিদ্ধান্ত নিলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গত পাঁচ দশকে যে অগ্রগতি অর্জিত হয়েছে, সামনের দিনগুলোতে তা আরও বেগবান করা সম্ভব।

মাউন্ট এডোরা হাসপাতালের প্রফেসর ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং হাসপাতালের উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডা. সৈয়দ মাহমুদ হাসান, ডা. রায়হান, ডা. মাহমুদুল হাসান, এ বি এম জর্জেসুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে, শনিবার দুপুরে তিনি চণ্ডীপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে সিলেট প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ৬নং ওয়ার্ডে নারী সমাবেশে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাতে নগরীর ১৮নং ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া ইমাম-মুয়াজ্জিন, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে টুকেরবাজারের তেমুখীতে কেরাত সম্মেলনে যোগ দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ