ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশ গড়তে বিএনপির মতো বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল গ্রহণ করতে পারেনি। বিএনপি মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগোচ্ছে। জনগণের প্রত্যাশা বোঝার জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। এদিন তিনি বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের কোনাশালেশ্বর গ্রামে খুনের শিকার ইমনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন ।
রোববার (১৪ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের দেশ গড়ার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিকে, একই দিনে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার কোনাশালেশ্বর গ্রামে খুনের শিকার ইমন আহমদ (২০)-এর পরিবারের পাশে দাঁড়ান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি নিহত ইমনের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এসময় তিনি ইমন হত্যা মামলার আইনি প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা অপরিহার্য।
উল্লেখ্য, শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলার ১৮টি উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম আহমদ, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুর আহমদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




