ছবি:সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ৮ম ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব ২০২৫।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শীতকাল মানেই পিঠা-পার্বণের সময়। গ্রামাঞ্চলে এ সময় পিঠার উৎসব স্পষ্ট হলেও শহরে তেমন আয়োজন দেখা যায় না। সেই প্রেক্ষাপটে উইমেন্স মডেল কলেজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক স্নিগ্ধা চক্রবর্তী এবং বাংলা বিভাগের প্রভাষক তৌফিক রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহবুবুক হক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জে. এম. এইচ. জে. ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। আরও উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও সহকারী শিক্ষক, সমাজসেবক, নারী উদ্যোক্তা এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।
আলোচনা পর্ব শেষে উইমেন্স মডেল কলেজের ত্রৈমাসিক ক্রোড়পত্র ‘অপরাজিতা’-এর ৪র্থ বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ যৌথভাবে মোড়ক উন্মোচন করেন।
পরবর্তীতে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পিঠার স্টলগুলো ফিতা কেটে উদ্বোধন করেন এবং সব স্টল পরিদর্শন করেন। স্নিগ্ধা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠার স্টল প্রতিযোগিতায় স্কুল ও কলেজ শাখা থেকে পৃথকভাবে সেরা তিনটি করে স্টল নির্বাচন করে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষকদের কর্মমূল্যায়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বেস্ট টিচার, বেস্ট ক্লাস টিচার, বেস্ট অর্গানাইজার ও বেস্ট অ্যাটেনডেন্স ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী এ উৎসবের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মনসুর আহমদ লস্কর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




