মহান বিজয় দিবসে সিলেট স্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালন
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৪ PM

মহান বিজয় দিবসে সিলেট স্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৯:০৩:২০ PM

মহান বিজয় দিবসে সিলেট স্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালন

ছবি:সংগৃহীত


মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৭টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সভাপতি শাহ মো. মোসাহিদ আলী, অ্যাডভোকেট-এর সভাপতিত্বে এবং ক্রীড়া বিভাগের পরিচালক কামাল হাসানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ এস সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক আব্দুল্লাহ আহমদ, সাংস্কৃতিক বিভাগের পরিচালক এ এম মিজানুর রহমান এবং আপ্যায়ন বিভাগের পরিচালক রাফি ইব্রাহিম।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, আলহাজ আতাউর রহমান, জিয়াউল হক জিয়া, সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট নূরুদ্দীন আহমদ, মঞ্জুর আহমদ চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কেবল উৎসবের বিষয় নয়; বরং এটি দায়িত্ব, চেতনা ও অঙ্গীকারের প্রতীক।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির সম্মিলিত নেতৃত্ব, দৃঢ়তা ও ত্যাগের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের চেতনা ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ