ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স-২০২৫’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশি-বিদেশি গবেষকদের সক্রিয় অংশগ্রহণ সম্মেলনকে আরও অর্থবহ করেছে। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণার বিকাশ ঘটাবে এবং বৈশ্বিক গবেষণায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, এই সম্মেলনের মাধ্যমে উপস্থাপিত গবেষণাগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করবে। বিশেষ করে পরীক্ষামূলক গবেষণা, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজ ভবিষ্যৎ গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, আন্তর্জাতিক এই আয়োজন গবেষকদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মঞ্চ। এতে তরুণ গবেষকরা অভিজ্ঞ গবেষকদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন, যা তাদের ভবিষ্যৎ গবেষণায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহ আলম।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষকরা মোট ১৮৫টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




