তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে যুবদলের আনন্দ মিছিল
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৪ PM

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে যুবদলের আনন্দ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১০:২০:৩৬ PM

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে যুবদলের আনন্দ মিছিল

ছবি:সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিছিলটি নগরীর পুরান লেনস্থ ডায়াবেটিস গলির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

তিনি বলেন, ‘তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করবে।’

মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি নির্যাতিত গণতন্ত্রের কণ্ঠস্বর। তাঁর দেশে ফেরা মানে জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারের পথ আরও সুগম হওয়া। যুবদল রাজপথে থেকে যে কোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে যুবসমাজ নতুন করে জেগে উঠেছে। অবৈধ শাসনের বিরুদ্ধে যুবদল অতীতেও সংগ্রাম করেছে, ভবিষ্যতেও করবে। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে।’

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা এ দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। যুবদল তাঁর নির্দেশনায় রাজপথে সক্রিয় থাকবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে।’

মিছিল ও পথসভায় জেলা ও মহানগর যুবদলের সিনিয়র ও যুগ্ম সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ সিলেট জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর শাখা এবং মহানগর যুবদলের অধীনস্থ সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ