ছবি:সংগৃহীত
বিয়ানীবাজার উপজেলায় পরিচালিত অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেইজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিচালিত এই অভিযানে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিতকে গ্রেফতার করা হয়। তিনি বিয়ানীবাজার পৌরসভার খাসড়ীপাড়া গ্রামের বাসিন্দা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে কাজী আব্দুল বাছিতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চলমান থাকায় আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের অনেকেই কয়েক মাস ধরে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন। একই সঙ্গে সাধারণ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অভিযানের শুরু থেকে অনেকেই বাড়িতে অবস্থান করছেন না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় গাড়ির শব্দ শুনলেই অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন-এই বুঝি পুলিশ এসেছে। কারও রাত কাটছে নির্ঘুম, আবার কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন।
থানা সূত্র আরও জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




