ওসমানীনগরে ব্যানার-ফেস্টুন সরাল প্রশাসন
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৭ AM

তফসিল ঘোষণার পরও অপসারণ হয়নি প্রচারণা সামগ্রী

ওসমানীনগরে ব্যানার-ফেস্টুন সরাল প্রশাসন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৮:০৪:৪৭ PM

ওসমানীনগরে ব্যানার-ফেস্টুন সরাল প্রশাসন

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কথা থাকলেও সিলেট-২ আসনের বিভিন্ন এলাকায় এর ব্যত্যয় লক্ষ্য করা গেছে। এ অবস্থাকে প্রার্থীদের দায়িত্বহীনতা হিসেবে দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

ইসি নির্দেশনায় বলা হয়েছিল, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার উপকরণ সরিয়ে নিতে হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রার্থীদের পক্ষ থেকে এসব সামগ্রী অপসারণ না করায় সিলেট-২ আসনের ওসমানীনগরে প্রশাসন উদ্যোগ নিয়ে প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে  সম্ভাব্য প্রার্থীদের লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর। 

এর আগে, গত ১৩ ডিসেম্বর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব বিলবোর্ড ও প্রচারণা সামগ্রী অপসারণের অনুরোধ জানান বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

একই দিন দুপুরে সিলেট-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ পৌরসভা এবং ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজারে ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেন।

তবে আংশিক উদ্যোগ নেওয়া হলেও এখনো বেশ কিছু এলাকায় নির্বাচনী ব্যানার ও ফেস্টুন রয়ে গেছে বলে জানা গেছে। এতে করে নির্বাচন কমিশনের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাগরিক সমাজের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ