জনসম্পৃক্ততা নিশ্চিত হলেই সরকারি উন্নয়নে স্বচ্ছতা ও টেকসই অগ্রগতি সম্ভব
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৭ AM

সিলেটে নাগরিক সংলাপ

জনসম্পৃক্ততা নিশ্চিত হলেই সরকারি উন্নয়নে স্বচ্ছতা ও টেকসই অগ্রগতি সম্ভব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৮:৫৬:৫৯ PM

জনসম্পৃক্ততা নিশ্চিত হলেই সরকারি উন্নয়নে স্বচ্ছতা ও টেকসই অগ্রগতি সম্ভব

ছবি:সংগৃহীত


সিলেটের উন্নয়ন নিয়ে আয়োজিত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ ওঠে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি ধাপে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

পিপলস ভয়েস-এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় এসব মতামত উঠে আসে। সভায় সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অংশ নেন।

বক্তারা বলেন, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা, যার স্থায়ী সমাধান চান নগরবাসী। একই সঙ্গে নগরীতে বিশুদ্ধ বাতাসের অভাব দূর করতে খোলা পার্ক, হাঁটাচলার উপযোগী উন্মুক্ত স্থান, শিশুদের খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, সিলেটের সার্বিক উন্নয়নের স্বার্থে স্বল্পমেয়াদি উদ্যোগের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন।

পিপলস ভয়েস-এর সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর মোছাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে।’ খন্দকার মুক্তাদির আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।

নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান।

আলোচনায় অংশ নেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফালাহা উদ্দিন আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. কামাল হোসেন চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মানবাধিকার কর্মী আতাউর রহমান, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুর রহমান রিপন, নজরুল ইসলাম মুনিম, ইকরামুল কবির, ডা. সুলেমান হোসেনসহ অন্যান্য বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ