ছবি:সংগৃহীত
নগরীতে পুলিশের পৃথক অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌণে ১টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহপরাণ (রহ.) থানার রাজপাড়া এলাকার সুরভী ১২ লাবিলা ভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন গোয়াইনঘাট থানার ফুলতৈল এলাকার আজমান আলীর ছেলে জুনেদ আহমেদ (২৫), জকিগঞ্জের শাহজালালপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমেদ (২৮) এবং কানাইঘাট থানার বাঙালিপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে রুবেল আহমেদ (২৬)। কাছাকাছি সময়ে সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি নগরীর শেখঘাট এলাকার মো. আলী আকবরের ছেলে আসিফ করিম জনি (২৫)।
অপরদিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাইফুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি বিয়ানীবাজার থানার নন্দিরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা মোট ১৭টি মামলা রয়েছে। সবকটি মামলা আদালতে বিচারাধীন।
অন্যদিকে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পেঁয়াজসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে কালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছয়টি পেডেলচালিত ভ্যানগাড়িতে বহনকৃত ৯০ বস্তা ভারতীয় অবৈধ পেঁয়াজ উদ্ধার করা হয়। জব্দকৃত পেঁয়াজের মোট পরিমাণ ৪ হাজার ৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় মালামাল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক থানার কৈতক গ্রামের আদেশ দাশের ওছলে আন্টু ওমাহন দাস ওরফে আকাশ দাস (৩২)। তিনি বর্তমানে নগরীর সোবহানীঘাট এলাকায় বাস করছেন।
পুলিশ জানায়, এসব ঘটনায় বিশেষ মামলা দায়েরপূর্বক আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




