ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বরমসিদ্ধিপুর এবং তুরং সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সীমান্তবর্তী পূর্ব তুরং গ্রামের মোশাহিদ আলীর পুত্র আশিকুর রহমান (২০) এবং বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর পুত্র ইয়াকুব উদ্দিন (৩০)। এ ঘটনায় পূর্ব তুরুং গ্রামের মৃত আবদুর রব মিয়ার ছেলে মোশাহিদ আলী (২২) আহত হয়েছে।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে কাঠ সংগ্রহের জন্য ভুল করে ভারতে অনুপ্রবেশ করে তারা। কাঠ সংগ্রহের সময় ভারতের ভেতরে পরিহাট এলাকায় তারা খাসিয়াদের আক্রমনের শিকার হন। ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আশিকুর রহমান ও ইয়াকুব আলীর মৃত্যু হয়। সাথের লোকজন আশিকুর রহমানের মরদেহ দেশে নিয়ে আসেন। পরে ইয়াকুবের মরদেহ বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে । এরপর বিজিবি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




