ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে দি জৈন্তা ফুটবল একাডেমীর দশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমীর সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে দি জৈন্তা ফুটবল একাডেমী বনাম বিয়ানীবাজার জলঢুপ স্পোর্টস একাডেমীর মধ্যকার এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
একাডেমির দশ বছর পূর্তি উপলক্ষে সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি জৈন্তা ফুটবল একাডেমীর সভাপতি আব্দুল কাইয়ুম। একাডেমির পরিচালক ও কোচ এনামুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের আমীর নূরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনে দি জৈন্তা ফুটবল একাডেমীর মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সুগন্ধা ফুটবল একাডেমীর পরিচালক মাসুদ আহমদ, বিয়ানীবাজার জলঢুপ স্পোর্টস একাডেমীর কোচ ও পরিচালক জামাল আহমদ, সাংবাদিক মুরাদ হাসান, জৈন্তাপুর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম, যুবনেতা সাহেদুল ইসলাম, রায়হান আহমদ এবং সমাজসেবী বদরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিয়ানীবাজার জলঢুপ স্পোর্টস একাডেমীর কোচ ও পরিচালক জামাল আহমদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




