ছবি:সংগৃহীত
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় সিলেটে প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর সিলেটের কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদসহ জুলাই আন্দোলনের বহু সংগঠক ও কর্মী। জানাজার নামাজ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ নুরুল ইসলাম কামাল।
এ সময় বক্তারা শহীদ উসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




