জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে - খন্দকার মুক্তাদির
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৭ AM

বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক মানুষ। নয়াসড়কে সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা সভা

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে - খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৫ ০৮:৩১:২১ PM

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -  খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের টিলাগাঁও বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি। জনগণের সমর্থন পেলে বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। বিএনপির অতীত রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও পরবর্তী তিনবার সরকার গঠনের অভিজ্ঞতা আমাদের শক্ত ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বর্তমান সময়ে প্রয়োজন মেধাবী ও প্রতিভাবান নেতৃত্ব। গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় রাজনীতিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবীর শাহীন, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, নিহার রঞ্জন পুরকাস্থসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়াসড়কে সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা সভা

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের নয়াসড়ক সার্বজনীন পুজা মণ্ডপে ১৬ নম্বর ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ধর্ম, বর্ণ ও গোত্রভিত্তিক বিভাজন একটি জাতির অগ্রগতির বড় বাধা। যারা ঐক্যবদ্ধ হতে পেরেছে, তারাই উন্নতির পথে এগিয়েছে। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘যখনই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রাম করেছেন। নানা নির্যাতনের মধ্যেও তার দৃঢ় অবস্থান আমাদের জন্য অনুকরণীয়।’

নয়াসড়ক সার্বজনীন পুজা মণ্ডপ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন সেন মঙ্গলের সভাপতিত্বে এবং উজ্জ্বল দাসের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, বিনীত কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, অ্যাডভোকেট গৌতম দাসসহ সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ