ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর সিএনজি চালক রাছেল মিয়াকে ভাড়া করে কয়েকজন ব্যক্তি। পরে তারা তাকে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকায় নিয়ে গিয়ে মারধর করে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর সিএনজি চালকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেনের দিকনির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লার সার্বিক তত্ত্বাবধানে এসআই জুনেদের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে।
অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদেক মিয়া, এএসআই মিরাজুল ইসলাম, কনস্টেবল হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




