ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ্য প্রয়াত জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া আহমদ চৌধুরী ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ এক বর্ষীয়ান নেতা। তিনি দলীয় নেতাকর্মীদের জন্য ছিলেন অনুপ্রেরণার প্রতীক। জীবদ্দশায় তিনি দলের জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মরহুম আম্বিয়া আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে দেশ ও জাতির আরও অনেক কিছু পাওয়ার আছে। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থ রাখেন।’
দুবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাওছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন, জেলা বিএনপির সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম এহিয়া চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুর আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক নজির উদ্দিন এবং সদস্য আফতাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এখলাসুর রহমান মুন্না ও অলি চৌধুরী, সিলেট জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদুল ইসলাম হৃদয়, জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দোলা হোসেন সুভাষ, দুবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবুদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে বেগম খালেদা জিয়া ও মরহুম আম্বিয়া আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




