ছবি:সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় আজ পুরো বাংলাদেশ। দেশবাসীর পাশাপাশি সিলেটবাসীও এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মকভাবে প্রস্তুত-এমন মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গণসংবর্ধনা ও বিশাল জনসমাবেশের মাধ্যমে তারেক রহমান জাতির উদ্দেশে সুস্পষ্ট বার্তা দেবেন-বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি আরও বলেন, বিএনপি মনোনীত সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। ‘এই ছয়টি আসন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই,’ ।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সিলেট অঞ্চলের সাধারণ মানুষ বিএনপির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে। জনগণের এই আস্থার মর্যাদা রক্ষা করাই বিএনপির প্রধান দায়িত্ব। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটানো হবে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সিলেটবাসী ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের যথাযথ মূল্যায়ন তুলে ধরবেন এবং সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সহযোগিতা করবেন। একই সঙ্গে তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সিলেটবাসীর কাছে দোয়া চান।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট পরিকল্পনা নেই, তারাই দেশকে বিভ্রান্ত করছে। ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্য সময়ের দাবি।
সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করতে চাই-এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
প্রস্তুতি সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা, যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপির ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা এবং রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য বিশাল জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




