চা শ্রমিকদের অধিকার ও সংগ্রাম তুলে ধরায় সাংবাদিক সুবর্ণা হামিদ পেলেন ‘প্রত্যাশা সম্মাননা’
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৬ AM

চা শ্রমিকদের অধিকার ও সংগ্রাম তুলে ধরায় সাংবাদিক সুবর্ণা হামিদ পেলেন ‘প্রত্যাশা সম্মাননা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৭:৪৮:৩৩ PM

চা শ্রমিকদের অধিকার ও সংগ্রাম তুলে ধরায় সাংবাদিক সুবর্ণা হামিদ পেলেন ‘প্রত্যাশা সম্মাননা’

ছবি:সংগৃহীত


চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে সাংবাদিক সুবর্ণা হামিদকে ‘প্রত্যাশা সম্মাননা’ পদক প্রদান করা হয়েছে। চা শ্রমিকদের পক্ষ থেকে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুরজান টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানিকারক আবুল কালাম, সিলেট ভয়েস সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, অচিন্ত্য কুমার দে অমিত, জয় মাহাত্ম্য কুর্মী, সুবাস নায়েক রতিলাল, রঞ্জু নায়েক ও কমল চাষা।

আলোচনা সভায় বক্তারা বলেন, চা শ্রমিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠী। তাঁদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের সমস্যা এবং সামাজিক বৈষম্যের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করছে।

সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সুবর্ণা হামিদ বলেন, চা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চা শ্রমিকদের জীবনসংগ্রাম আরও গভীরভাবে তুলে ধরতে তাঁকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সোহেল। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ