ছবি:সংগৃহীত
দৈনিক জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশের পর নগরীতে দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সংশোধিত গণবিজ্ঞপ্তিতে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে যা সোমবার ২২ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া, মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচা বাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া অন্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
২১ ডিসেম্বর দৈনিক জৈন্তা বার্তা’র ছাপা সংস্করণে ‘প্রশাসনের সিদ্ধান্তে বিপাকে কর্মজীবী ও ব্যবসায়ীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে আসার পর দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রশাসন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




