সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয়ে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৬ AM

সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয়ে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৮:৫০:৩৪ PM

সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয়ে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই চৌধুরী

ছবি:সংগৃহীত


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে গোয়াইনঘাটে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন  গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি ও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই ধানের শীষের খাদিম-এটাই আমাদের বড় পরিচয়। আমি সাধারণ একজন কর্মী হিসেবেই দলের প্রতীক ধানের শীষ নিয়ে আপনাদের সামনে এসেছি। বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল ও বৃহৎ পরিবার। নির্বাচন এলেই অনেকেই মনোনয়ন প্রত্যাশা করেন, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেয়।’

তিনি বলেন, ‘নোনয়নবঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিন বিএনপির যোগ্য প্রার্থী। তারা আমার ভাই। আমার এই মনোনয়ন শুধু আমার একার নয়, এটি আমাদের সবার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’

প্রতিদ্বন্দ্বী কাউকেই অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর এখানকার উন্নয়ন চিত্র বদলে দেওয়ার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ও ভোটে নির্বাচিত হতে পারলে এক বছরের মধ্যেই গোয়াইনঘাটের অধিকাংশ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবো।’

তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপি সারাদেশে আরও উজ্জীবিত হবে এবং নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় ধানের শীষের জন্য কাজ করবে।’

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘আমিও সিলেট-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে দল আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। দলের ঊর্ধ্বে কেউ নয়। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আরিফুল হক চৌধুরী তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবো।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি দৌলত হাসান ফয়েজ, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজান সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য মাসুক আহমদ ও খোরশেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুর রব, লেংগুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন ও সদস্য সচিব বিলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ