সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি , সিলেটের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে - খন্দকার মুক্তাদির
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৬ AM

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়

সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি , সিলেটের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে - খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ১০:৪০:৪২ PM

সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি , সিলেটের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে - খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করে। জনগণের সমর্থন নিয়ে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীর রেইনবো বাংলাদেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।

তিনি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নগরীর লামবাজারস্থ ঐতিহ্যবাহী দশনামী আখরায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত প্রার্থনা সভা এবং একই দিন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

দশনামী আখরায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সিলেট অঞ্চলের অন্যতম বড় সমস্যা হলো কর্মসংস্থানের অভাব। এখানে সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলা হবে, যাতে শিক্ষিত-অশিক্ষিত নারী-পুরুষ সবার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে তরুণদের আইটি সংশ্লিষ্ট খাতে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

দশনামী আখরা কমিটির সভাপতি সুনীল পাল চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট প্রতাপ রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি মনে করেন, অতীতে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে সিলেট কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে।

এ সময় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, বিরোধী দলের মেয়র হয়েও তিনি যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তা সত্যিই বিস্ময়কর। তার পারফরম্যান্স একশ’তে একশ’ নম্বর পাওয়ার যোগ্য।

রাষ্ট্রকাঠামো প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি কার্যকর রাষ্ট্র গঠনে স্বাধীন বিচার বিভাগ, জবাবদিহিমূলক পুলিশ প্রশাসন ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিহার্য। কিন্তু বর্তমানে এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই অচলাবস্থা থেকে দেশকে বের করে আনতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আগামিতে আর কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না-এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না এবং সংসদ সদস্যদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খন্দকার আব্দুল মুক্তাদিরের মিডিয়া টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ