ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশনায়ক তারেক রহমান প্রায় দেড় যুগ বিদেশে অবস্থান করেও দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি আগামী ২৫ ডিসেম্বর বীরের বেশেই স্বদেশে প্রত্যাবর্তন করবেন। তাঁর এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হবে এবং বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশকে একটি সাম্যভিত্তিক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উঠানবৈঠকে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ২২নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ ওজি মোহাম্মদ কাওসার, সাবেক বিএনপি নেতা হেদায়েতুল ইসলাম টেকই, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেকসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন দক্ষিণভাগ দেওপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




