বড়দিনে সিলেটের খ্রিষ্টানপল্লীতে নানা আয়োজন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০০ AM

বড়দিনে সিলেটের খ্রিষ্টানপল্লীতে নানা আয়োজন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ১২:৫৯:০৯ AM

বড়দিনে সিলেটের  খ্রিষ্টানপল্লীতে  নানা আয়োজন

ছবি:সংগৃহীত


বড়দিন উপলক্ষে সিলেটের খ্রিষ্টান পল্লিগুলো এখন উৎসবমুখর। আজ সকাল ১০টায় নগরীর নয়াসড়ক গীর্জায় সমবেত প্রার্থনা হবে। পরে কেক কেটে বড়দিনের উৎসবের সূচনা করা হবে। 

এছাড়া ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মিলে সিলেটে অবস্থানরত প্রায় ৫০ হাজার খ্রিষ্টধর্মাবলম্বীর ঘরে ঘরে চলছে উৎসব। নগরীর নয়াসড়ক, লাক্কাতুরা, বড়শালা, বাঘা, খাদিমনগর, গুলনী, মালনীছড়া, চিকনাগুল, তামাবিল ও কানাইঘাটের মঙ্গলপুরে প্রেসবিটারিয়ান চার্চে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

শুধু সিলেট বিভাগে ৯০টি চার্চের অধীনে ১৫ হাজার প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান রয়েছেন। যারা নানা আয়োজনে আজ বড়দিন পালন করছেন। সিলেট প্রেসবিটারিয়ান মিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ব্রিটিশ আমলে যুক্তরাজ্যের ওয়েলস থেকে খ্রিষ্টধর্মের বার্তা নিয়ে মিশনারি হিসেবে সর্বপ্রথম ভারতবর্ষে পা রাখা থমাস জোনস কিছুদিন সিলেটে অবস্থান করেছিলেন। ওই সময়ই নগরীর নয়াসড়কে প্রতিষ্ঠিত হয় প্রেসবিটারিয়ান চার্চ। ১৯১৩ সালের ১৯ এপ্রিল থমাস জোনস নিজেই এ চার্চ উদ্বোধন করেছিলেন। কালের পরিক্রমায় সেই চার্চ শতবছরের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। পরবর্তীতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন স্থানে আরো চার্চ প্রতিষ্ঠিত হয়েছে। 

এছাড়া সিলেটে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের চার্চ, ধর্মপল্লী ও বিশপ হাউস রয়েছে। বড়দিনে সর্বত্রই আজ উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ