তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৬ AM

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৭:১১:৫৭ PM

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর বিএনপির  দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সারাদেশের মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।

এরই ধারাবাহিকতায় মহানগর বিএনপির ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডে দোয়া কর্মসূচি পালন করা হয়।

হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ জুম্মা আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন,‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন,‘বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রতিটি আন্দোলনের অগ্রভাগে ছিলেন বেগম খালেদা জিয়া। তার সুস্থতা শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী সকল মানুষের আবেগের বিষয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন।’

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদী এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।

৩৬ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অংশগ্রহণ করেন। এছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ দোয়া মাহফিলে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ