গণঅধিকার পরিষদ থেকে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাতের প*দত্যাগ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০০ AM

গণঅধিকার পরিষদ থেকে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাতের প*দত্যাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ১০:০৩:৪৯ PM

গণঅধিকার পরিষদ  থেকে  মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাতের প*দত্যাগ

ছবি:সংগৃহীত


গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত উল্লেখ করেন, ন্যায়নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে গণঅধিকার পরিষদ একসময় ছাত্র, যুব, শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে দেশের ৬৪টি জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বহু ত্যাগ, সময়, শ্রম ও স্বপ্নের বিনিময়ে গড়ে ওঠা সংগঠনটিকে বর্তমানে ‘অতি স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে’ বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের কতিপয় ব্যক্তির শিশুসুলভ আচরণ, ঘনঘন মত পরিবর্তন, ব্যক্তিস্বার্থে দলীয় বৃহত্তর স্বার্থ বিসর্জন, ন্যায়নীতি ও আদর্শহীনতা সংগঠনকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। দুই দফায় ৬৪ জেলার নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মাত্র দু’জন ব্যক্তির সিদ্ধান্তে দল পরিচালিত হওয়া এবং শীর্ষ পর্যায় থেকে সংগঠনের নিজস্ব ধারা ও প্রতীক পরিহারের প্রবণতাও তাকে হতাশ করেছে বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।

তিনি বলেন, এমন নেতৃত্বের অধীনে নিজেকে আর ধারণ করা সম্ভব নয় বলেই তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

পদত্যাগের আগে সিলেট জেলা ও উপজেলার সহযোদ্ধাদের সঙ্গে জরুরি পরামর্শ সভা করে সবাইকে বিষয়টি অবগত করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, গত কয়েক বছর ধরে যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে তিনি কাজ করে আসছিলেন, বর্তমান বাস্তবতায় তা এই প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ব্যক্তিগত বিশ্বাস ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত বলেন, তিনি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং জুলুম-অন্যায় ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান রয়েছে।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি বলেন,‘যে যেখানেই থাকি না কেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ