একাধিক আসনে বিএনপির হেভিওয়েট বি*দ্রোহী প্রার্থী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০১ AM

একাধিক আসনে বিএনপির হেভিওয়েট বি*দ্রোহী প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০১:৪০:০২ AM

একাধিক আসনে  বিএনপির হেভিওয়েট  বি*দ্রোহী প্রার্থী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সিলেট বিভাগে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। দলীয় মনোনয়ন না পেলেও একাধিক প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থীর আবির্ভাব ঘটছে। এতে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা করছেন দলটিরই নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, একাধিক প্রার্থী মনোনয়নের সুযোগ না থাকায় এবার মনোনয়নবঞ্চিত নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ার পথ বেছে নিচ্ছেন। যদিও বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবুও মাঠের বাস্তবতায় অনেক নেতা নির্বাচনী প্রস্তুতি থামাননি।

ভোট বিভাজনের আশঙ্কা, লাভবান হতে পারে প্রতিদ্বন্দ্বীরা

বিএনপির একাধিক নেতা মনে করছেন, দলীয় প্রার্থীর বিপক্ষে বিএনপি নেতাদের প্রার্থী হওয়া ভোটারদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে। এতে করে এলাকার রাজনীতি ব্যক্তি ও আঞ্চলিক বলয়ে আবদ্ধ হয়ে পড়তে পারে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে জামায়াতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দল সুবিধা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য দ্রুত কেন্দ্রীয় পর্যায়ে হস্তক্ষেপ ও সমঝোতার প্রয়োজনীয়তার কথাও বলছেন তারা।

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনে বিদ্রোহের চিত্র

সিলেট-৫ আসনে বিএনপি এবার জোটগত সিদ্ধান্তে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী করলেও দলীয় নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা তার নেই।

সিলেট-৩ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামের দীর্ঘদিনের প্রচারণার বিপরীতে দল মনোনয়ন দিয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিককে, যা নিয়েও বিদ্রোহের আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জেও একই চিত্র

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ কয়ছর আহমেদ, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিপক্ষে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেওয়ান জয়নুল জাকেরীন।

সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনকে মনোনয়ন দেওয়ায় সাবেক এমপি মিজানুর রহমান চৌধুরীর অনুসারীরা ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

হবিগঞ্জেও বিদ্রোহ

হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিপরীতে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট বিভাগে বিএনপির একাধিক আসনে বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলছে। সময়মতো সমঝোতা না হলে ভোট বিভাজনের ফলে দলের প্রত্যাশিত ফল বাধাগ্রস্ত হতে পারে- এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ