সিলেটের কোম্পানীগঞ্জে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ ডিসেম্বর) ভোরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে এসআই সিকান্দর আলী, এসআই জগৎ জ্যোতি দাস, এএসআই আজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার মামলা নং–১৯, তারিখ ১৭/১২/২০২৫, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় বরখাস্তকৃত ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন জীবনকে (৪২)। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা।
একই মামলায় গ্রেপ্তার হন মোহাম্মদ সাজিদুল হক (৩৫)। তিনি দক্ষিণ কলাবাড়ী গ্রামের মোচ্ছদ্দর আলীর পুত্র এবং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
অপরদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন, এএসআই সব্যসাচী দাস ও এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে (৩৫)। তিনি উত্তর রনিখাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। একই সঙ্গে গ্রেপ্তার হন রুমেল আহমদ (৩৬)। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক।
গ্রেপ্তারকৃত শেষোক্ত দুই আসামিকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং–৫, তারিখ ১৫/০৮/২০২৪, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম খান বলেন, অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




