ছবি:সংগৃহীত
২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রবাদি (কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদন ও প্রক্রিয়াকরণপূর্বক বিক্রয় করে ২ হাজার ৭৪০ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আয় করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এ অর্থবছরে কোম্পানি সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৮৭৬ কোটি ৫৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে। এক বছরে করোত্তর মুনাফা হয়েছে ৫৩৮ কোটি ৫৯ লাখ টাকা।
পেট্রোবাংলার অন্যতম গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় কোম্পানির ঢাকা লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানি পরিচালক-পর্ষদের চেয়ারম্যান, সাবেক সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান ও অন্যান্য শেয়ারহোল্ডার, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক এবং কোম্পানির মহাব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




