ছবি:সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার বিকেলে তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে সশরীরে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নিয়েছিল, তেমন ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে ভোটারদের নিরাপত্তাবোধ ও ভোটদানের আগ্রহ আরও বাড়বে।
তিনি বলেন, বিএনপি মানুষের কাছে তাদের কর্মসূচি তুলে ধরবে এবং জনগণকে আহ্বান জানাবে সেই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির উন্নয়ন ঘটাতে। বিএনপি অতীতে একাধিকবার সরকার পরিচালনা করেছে। আগামী দিনে কীভাবে সরকার পরিচালনা করা হবে, সেই পরিকল্পনাও জনগণের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। অতীতের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতেই জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খন্দকার মুক্তাদির আরও বলেন, তাঁর প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, চা শ্রমিক, জুলাই যোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তিনি বলেন, চা শিল্পকে তার পূর্বের গৌরবে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করবে। চা শ্রমিকদের বেতন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসসহ সার্বিক কল্যাণে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদীয়া চৌধুরী মুন্নী, বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন, সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, মনোনয়ন জমা দেওয়ার পূর্বে তোপখানাস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে বাদ জোহর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহানগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। এতে মহানগর ও সদর বিএনপি, ছয়টি থানা এবং সকল ওয়ার্ডসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে খন্দকার আব্দুল মুক্তাদির মনোনয়নপত্র দাখিল করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




