সংগৃহীত ছবি
বিষয়টা অনেকটাই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। বহিষ্কার হয়েছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা চাকসু মামুন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি প্রকাশ করা হয়।সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ চাকসু মামুন নামেই বেশী পরিচিত। এবার তিনি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সে লক্ষ্যে তিনি কাজও করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতার রাজনীতির বলি হয়েছেন তিনি। বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে এ আসনে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী ঘোষণা থেকে বিরত থাকে।
তবে মামুনুর রশীদ নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অনেক আগে। রবিবার শেষ দিনে তা জমাও দিয়েছেন এবং গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনে তিনি আছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবেই তিনি নির্বাচন করবেন।তার এই সিদ্ধান্তের কারণে দল থেকে তিনি বহিষ্কার হতে পারেন বলে সবাই অনুমান করছিলেন। শেষে পর্যন্ত সেটাই হয়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




